ঢাকা-সিলেট মহাসড়কে শতাধিক গাড়ি আটকা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের হামলা, ভাঙচুর ও বাস আটকে রাখার প্রতিবাদে হবিগঞ্জে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে জেলার সব অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
দুপুর ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন আটকে দিলে মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে তিনটি বাস আটকে শ্রমিকদের মারধর ও ভাঙচুর করা হয়। হবিগঞ্জের বাসগুলো যেন নির্বিঘ্নে এই রুটে চলাচল করতে পারে, সে বিষয়ে সুস্পষ্ট সমাধান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
এদিকে ধর্মঘটে দূরপাল্লা ও স্থানীয় যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মোটর মালিক গ্রুপের সঙ্গে জরুরি সভা আহ্বান করেছে বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুসা।
ভোরের আকাশ/আ.র