মধ্যনগর
সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৬টা ১০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যনগর আর্মি ক্যাম্প থেকে পরিচালিত বিশেষ টহল অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল মাহমুদ। অভিযানের সময় আমজোড়া গ্রামের মো. উজ্জল মিয়ার বাড়ি থেকে এসব পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, একটি তলোয়ার, চারটি দেশীয় রামদা, তিনটি দেশীয় কুড়াল, চারটি দেশীয় দা-বটি, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, সতেরটি টেডা, পাঁচটি ফলা, এগারটি ঢাল, পঁয়ত্রিশটি বর্ষা, একটি চায়না চাকু এবং একটি বল্লম।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান।
ভোরের আকাশ/র.ই
Displaying Shariatpur 14 houses looted(24-01