সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে এমপি কাজী রফিকুল ইসলাম

বগুড়ার সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদ সংলগ্ন ধাপ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আগুন লাগার ঘটনা, ক্ষয়ক্ষতির পরিমাণ ও তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম তাদের জন্য ২ লাখ টাকা ও ১২ বান্ডিল ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে শুকনো খাবার ও ৫ হাজার টাকা করে চেক সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা পরিষদ সংলগ্ন ধাপ গ্রামে মুদি দোকানি মিঠু প্রামাণিকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি পরিবারের ঘরবাড়ি ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
ভোরের আকাশ/আ.র