কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকাররমকে (৪৪) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) র্যাব-১১-এর আদমজীনগর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি চৌকস আভিযানিক দল মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু মোকাররমকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রামের চন্দনাইশ থানার একটি হত্যা মামলায় ২০১৩ সালের ৯ জুলাই আবু মোকাররমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সুযোগে তিনি কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।র্যাবের তথ্য অনুযায়ী, পারিবারিক শত্রুতার জের ধরে আবু মোকাররমসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে একটি হত্যাকাণ্ড ঘটান।
এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। কারাগার থেকে পালানোর পর তিনি পরিচয় গোপন রেখে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।
এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকাররমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, অপরাধ দমনে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/রই