সরিষাবাড়ীতে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ৩ গরুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র কৃষকের গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাল মিয়া।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগারপাড় এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কৃষক তৈয়ব আলীর গোয়ালঘরে কয়েলের আগুন থেকে মশারীতে আগুন ধরে। এরপর পুরো গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। তবে কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
ভোরের আকাশ/আ.র