রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সংলগ্ন খাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশের একটি খাদ থেকে গোবিন্দ কুমার মজুমদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকালে গাজীপুর-চট্টগ্রাম বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গোবিন্দ কুমার মজুমদার ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাঠিয়া কালিবাড়ী এলাকার আমরেশ মজুমদারের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, সকালে স্থানীয়রা সড়কের পাশে খাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে দুপুরে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।
তিনি আরও জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে বিষাক্ত কিছু খাইয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে যায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/এনউব