সারিয়াকান্দিতে বর্ণাঢ্য পূজার প্রত্যয়,মাদক-অশ্লীলতায় ‘জিরো টলারেন্স’

বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন দুর্গাপূজাকে সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে মাদক ও অশ্লীলতা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। একই সঙ্গে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য। সভায় উপজেলার ২৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কাজী রফিকুল ইসলাম বলেন, এবার পূজামণ্ডপে মাদক ও অশ্লীল কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। পূজার পরিবেশ সুন্দর রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও উপজেলা আনসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পূজার সময় প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি অব্যাহত রাখার কথা জানান সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান।
এদিকে একই দিনে সংসদ সদস্য উপজেলার ১ হাজার ২০০ নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন। এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের জন্য বিভিন্ন উপকরণ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জন্য লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধী টিকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জলাতঙ্ক প্রতিরোধী টিকা এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোশাক বিতরণ করেন তিনি।
এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব