অবৈধ ইলিশ কেনাবেচা কমলনগরে ২৫ কেজি ইলিশ জব্দ

লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোররাতে অভিযান চালিয়ে ২৫ কেজি অবৈধ ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
মঙ্গলবার (২০অক্টোবর) ভোর পাঁচটায় উপজেলার হাজিরহাট বাজারে গোপনে অবৈধ ইলিশ মাছ ক্রয়-বিক্রয় চলছে—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা ও অমান্য করে একদল অসাধু ব্যবসায়ী ভোররাতে হাজিরহাট বাজারে ইলিশ বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার নেতৃত্বে একটি দল সেখানে ঝটিকা অভিযান চালায়। মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলেও সেখান থেকে ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছগুলো হাজিরহাট বাজারে অবস্থিত স্থানীয় ‘ইকরা আল-হাদী জাকিয়া খাতুন মাদ্রাসা ও এতিমখানা’র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, "জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য দপ্তর কঠোর অবস্থানে রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী বা জেলেকে ছাড় দেওয়া হবে না। ইলিশ সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের ঝটিকা অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।"
ভোরের আকাশ/ এনউব