খুলনায় অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিনম্র শ্রদ্ধায় ফুল দিয়ে স্মরণ করা হয় মহান ভাষা শহীদদের খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে।
শুক্রবার দিবাগত রাত ১২ টার পর থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা কমান্ড শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এরপর বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সুন্দরবন রেজিমেন্ট, জেলার সব সরকারি দপ্তর, মহানগর ও জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠন, জাসদ, সিপিবি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া সকালেও বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত ফেরি বের করে হাদিস পার্কে এসে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
ভোরের আকাশ/এসএইচ