‘ফ্যাসিবাদের দোসররা নগর ভবন লক্ষ্য করে বোমা ছুড়েছে’ : কেসিসির প্রশাসক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী, দুর্বৃত্ত কিংবা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ানো কিংবা পরিবেশকে আরও অশান্ত করার উদ্দেশ্যে এ হামলা চালানো হতে পারে বলে মনে করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রশাসক। এ সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি খুলনা সিটি করপোরেশনও পৃথক তদন্ত কমিটি গঠন করবে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।
এদিকে, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত রবিবার রাতে দুর্বৃত্তরা খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভোরের আকাশ/রই