চিতলমারীতে যুবককে গুলি করে হত্যা, ৮ জনের নামে মামলা

বাগেরহাটের চিতলমারী উপজেলা-র শিবপুর বেপারীপাড়া গ্রামে আমির হামজা মুন্সি (২২) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা মেহেরুন্নেছা নাছরিন (৪১) বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে তিনি ৮ জনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করেছেন।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে নিহত আমির হামজা তার স্ত্রী তন্নি আক্তার ও মা মেহেরুন্নেছা নাছরিনের সঙ্গে বাড়ির উঠানে বসে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে একদল সশস্ত্র ব্যক্তি বাড়িতে প্রবেশ করে।
পরিস্থিতি বুঝতে পেরে আমির হামজা দৌড়ে বাড়ির ছাদে উঠে যান। হামলাকারীরা তাকে ধাওয়া করলে তিনি ছাদ থেকে লাফ দিয়ে পাশের চিত্রা নদী-তে পড়ে যান। এরপর হামলাকারীরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আমির হামজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত শুরু করে।
উল্লেখ্য, নিহত আমির হামজা মুন্সি প্রায় দুই মাস আগে তন্নি আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তিনি কিছুদিন ঢাকায় অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে বাড়িতে আসার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তিনি খুলনার লবণচরা থানার জিন্নাহ পাড়া এলাকায় বসবাস করতেন।
ভোরের আকাশ/আ.র