চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় দ্রুতগামী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর ভাইসহ অন্তত দুজন আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহীনুর বেগম সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী এবং এক সন্তানের জননী। আহতদের মধ্যে তার ছোট ভাই মো. ইউনুছকে (২৮) শনাক্ত করা গেছে। অপর আহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহীনুর বেগম ছোট ভাইকে নিয়ে হাজীগঞ্জের বাকিলা থেকে অটোরিকশযোগে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দেবপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান দুর্ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশাচালক পালিয়ে যাওয়ায় তাঁকে পাওয়া যায়নি।
নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/আ.র