গাইবান্ধায় স্বামীর মারধর,যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্বামীর মারধর, নেশাজনিত অত্যাচার ও যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ এনে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন নির্যাতিত ওই গৃহবধূ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে গৃহবধূ বলেন, সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের সীট জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা তার স্বামী আবুল কালাম আজাদ বহুদিন থেকে মাদকাসক্ত। বিবাহের ১৫ বছর অতিবাহিত হলেও নির্যাতন বন্ধ হয়নি, বরং তা আরো দিন দিন বৃদ্ধি পেয়েছে।
গৃহবধূ আরো বলেন, গত শুক্রবার বাদ জুম্মা স্বামী তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এর আগেও একাধিকবার যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হয়েছে। নেশার টাকা জোগাড় করতে তাকে চাপ প্রয়োগ করা হয় এবং গৃহস্থালির জিনিসপত্রও বিক্রি করা হয়। ১৫ বছর সংসার করেও কোনো শান্তি পাইনি। এখন জীবনের নিরাপত্তা নিয়েই শঙ্কিত আমি।
তিনি অভিযোগ করে আরো বলেন, এ বিষয়ে সাদুল্লাপুর থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন নির্যাতিত ওই গৃহবধূ।
এ ঘটনায় দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মাজেদ অবগত রয়েছেন বলে জানান তিনি।
ভোরের আকাশ/ এনউব