শেরপুরে যুবদল নেতার ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে জুমার নামাজের সময় মসজিদের ভেতরে ধাক্কাধাক্কির ঘটনায় বিএনপি নেতা আবু সালেহ আহমেদের (৬০) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে ভারুয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ আহমেদ ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের বর্তমান সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে আবু সালেহ আহমেদ ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি ছিল একই ইউনিয়নের যুবদল সভাপতি আব্দুল মতিন ও তাঁর অনুসারীদের। শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে আবু সালেহ আহমেদ মাটিতে পড়ে যান। পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিনসহ ১৪ থেকে ১৫ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ভোরের আকাশ/ এনউব