মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হয়রানি মামলা, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নরসিংদীর মাধবদীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চারজনের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলা প্রত্যাহার এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবদী থানার কোতালীরচর মুন্ডাতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে সেলিনা বেগমের নেতৃত্বে একটি চক্র মাদক বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয়রা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন এবং মাদক বিক্রিতে বাধা দেন। এ ঘটনায় জুয়েনা আক্তার বাদী হয়ে স্থানীয় চারজনের বিরুদ্ধে মামলা করেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেলিনা বেগমের মেয়ে জুয়েনা আক্তার ও তার স্বামী সুমন মিয়া স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন বলে দাবি তাদের।
মামলায় অভিযুক্তরা হলেন—আব্দুল্লাহ মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৩২), মজিবরের ছেলে জাকারিয়া (৩৫), সেলিম মিয়ার ছেলে আনোয়ার (২৬) এবং মজিবরের স্ত্রী নার্গিস (৪৪)। তারা সবাই মাধবদীর কোতালীরচর মুন্ডাতলা এলাকার বাসিন্দা।
এলাকাবাসী বলেন, মামলায় নূর মোহাম্মদ, জাকারিয়া, আনোয়ার ও নার্গিসসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই এবং আইনগতভাবে সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান।
তারা আরও বলেন, কোতালীরচর মুন্ডাতলা এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে এলাকায় মাদক বিক্রির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানান স্থানীয়রা।
এ বিষয়ে জুয়েনা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার মাকে বেআইনিভাবে মারধর করে আবার আমার মাকে মাদক ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তারা আমাদের সঙ্গে এমন করছে।’ মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বিক্ষোভ সমাবেশে শাফি মাওলানা, হযরত আলী দেওয়ান, আলমগীর মুন্সী, খলিলুর রহমান প্রধান, হাশেম মিয়া, জিন্নাত আলী মিয়া, মজিবুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা