বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সাধারণ সভায় সমিতির দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মো. বাবুল হোসেন প্রায় সাড়ে ১২ বছর ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরে কর্মরত রয়েছেন। তিনি ২০০০ সালে ঢাকার বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় নানা বিষয়ে নিয়মিত কলাম লিখে থাকেন।
নতুন কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন (সুমন) সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমিতির ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
ভোরের আকাশ/সু.পা