টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো চলছে ১৪৪ ধারা জারি

পূর্ব বিরোধের জেরে টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশত বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৪৪ ধারা জারির দ্বিতীয় দিন চলছে। তবে শনিবার (৬ জুন) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে আজ শনিবার ( ৬ জুন) সকাল থেকেই নলিন, গুলি পেঁচা, জগৎপুরা এলাকায় হ্যান্ড মাইকে প্রচার করা হচ্ছে মন্ত্রী ও সংসদ সদস্যের হস্তক্ষেপ বিরোধ মিমাংসা হয়েছে। শান্তি বজায় রাখতে সবাইকে আগের মতোই সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে একসাথে চলার জন্য বলা হয় ঘোষনায়।
এবিষয়ে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, উভয় পক্ষকে ডেকে এনে মিমাংসা করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়েছে।
১৪৪ ধারা জারির বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শুক্রবার সকাল ৬ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখনো তা বলবৎ রয়েছে। পরিবেশ শান্ত রয়েছে। পুলিশি রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে নিহত কালাম তালুকদারের মরদেহ ময়না তদন্ত শেষে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬ টায় পুলিশি পাহাড়ায় তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ঘটে। তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ভিড় জমায় লোকজন। পরে বাদ মাগরিব জানাযা শেষে কালাম তালুকদারের দাফন সম্পন্ন হয়।
ভোরের আকাশ/ইউএম