ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে আন্দোলন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা।
দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (৬ জুন) সকাল ১১টায় চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, চমেকহা ২০২৫-২৬-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত চিকিৎসকরা।
কর্মসূচিতে বিপুলসংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশগ্রহণ করেন। এর আগেও ৪ জুন একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৯ মে ২০২৬ সালের এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের স্বার্থের পরিপন্থী ও অযৌক্তিক। তারা অবিলম্বে ওই সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা জারির দাবি জানান।
এছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং হামলা-নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, বেসরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ।
ভোরের আকাশ/ র.ই