সিরাজগঞ্জ
তিন কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২'র সদস্যরা।
মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকার উপরে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ র্যাব-১২'র হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২'র অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো: আহসান হাবিব।
এসময় আহসান হাবিব বলেন, বগুড়া থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে র্যাব সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক করা হয় ইসমাইল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে।
এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই