উখিয়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা

কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
সমাজ থেকে মাদক নির্মূল ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় এই সভার আয়োজন করা হয়।
র্যাব ফোর্সের মহাপরিচালকের দিকনির্দেশনা এবং র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি-এর সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মো. আব্দুল মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬৪ বিজিবির উপ-অধিনায়ক, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মাদ্রাসা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তরুণদের উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল দলের অধিনায়ক মোবারক হোসেন এবং জনপ্রিয় সংগীতশিল্পী জনাব মালেক।
সভায় সভাপতিত্ব করেন র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষকেই নয়, তার পরিবার ও পুরো সমাজকেও ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের পথে নয়, জীবনের পথে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার হিসেবে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়, যাতে তারা ভবিষ্যতে কোনোভাবেই মাদকের সাথে সম্পৃক্ত না হয়।
সভাপতি লে. কর্নেল মো. কামরুল হাসান তার বক্তব্যে বলেন, শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। পরিবারের কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে পরিবারের সদস্যদেরই তাকে নিরুৎসাহিত করতে হবে। আমরা চাই— প্রতিটি তরুণ, শিক্ষক, ইমাম ও অভিভাবক একসাথে মাদকবিরোধী আন্দোলনে শামিল হোন।
সভা শেষে র্যাব-১৫ এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয় এবং মাদকমুক্ত উখিয়া গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
ভোরের আকাশ/জাআ