প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি জনমনে প্রশংসিত হয়েছে : জামিল

মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের সময় উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষ নিধন করে দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার শাসনামলে রোপিত এবং বহু পুরাতন বৃক্ষাদি কেটে কেটে বিক্রি করা হয়েছে। দেশকে বসবাসের অযোগ্য করে রেখে গেছে। অপরদিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা গ্রহণ করে।
দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচিটি ইতিমধ্যে জনমনে প্রশংসিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপন তথা বৃক্ষ রোপন কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি একথা বলেন।
জামিলুর রশিদ খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সড়ক মহাসড়ক ও খাল বিলের দুপাশে, বিভিন্ন সরকার-বেসরকারি দপ্তর প্রাঙ্গণ এবং বাসা বাড়ির আশপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে। এই কর্মসূচি অব্যাহত রয়েছে।
এসময় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছান ও নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই