রামু
হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই

কক্সবাজার রামু উপজেলায় আড়াই মাস ধরে কারাবন্দি দুই সহোদর ভাই পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই মা ও বাবার জানাজায় অংশ নিয়েছেন। দুই দিনের ব্যবধানে তাদের মা ও বাবা মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাসিন্দা ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮) দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–এর রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা প্রায় আড়াই মাস ধরে কক্সবাজার কারাগারে বন্দি।
গত শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে তাদের মা মোস্তফা বেগম (৮০) মারা যান। স্বজনদের আবেদনের পর বেলা ১১টার দিকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান দুই ভাই। পুলিশি পাহারায় বাড়িতে এসে মায়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানান তারা। পরে খাটিয়া কাঁধে নিয়ে দাফনের জন্য যান। এ সময় তাদের হাতে হাতকড়া ছিল।
মায়ের জানাজা অনুষ্ঠিত হয় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে। জানাজায় অংশ নিয়ে অঝোরে কাঁদেন দুই ভাই। তারা অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
মায়ের মৃত্যুর দুই দিনের মাথায় সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তাদের বাবা নুর আহমদ (৯০)। মঙ্গলবার দুপুরে একই মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাবার জানাজাতেও প্যারোলে এনে হাতকড়া পরা অবস্থায় অংশ নেন দুই ভাই। জানাজা শেষে তাদের আবার কারাগারে নেওয়া হয়।
স্বজন ও স্থানীয়রা জানান, প্রথমে খুঁনিয়াপালং ইউনিয়ন–এর একটি মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় জামিন পাওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির আরেকটি মামলায় পুনরায় আটক দেখানো হয়। পরে সেটিতেও জামিন হলে (বিএনপি)–এর নেতা মাহিন চৌধুরীর করা আরেক মামলায় তাদের আবার গ্রেপ্তার দেখানো হয়।
দুই ভাইয়ের টানা কারাবাসের মধ্যেই দুই দিনের ব্যবধানে মা–বাবার মৃত্যু ও হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ভোরের আকাশ/ র.ই