নওগাঁয় প্রতিমা ভাঙচুর,যুবক আটক

নওগাঁয় শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে একটি পূজামণ্ডপে ঢুকে কুড়াল দিয়ে গণেশ প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হাতাশ খাড়াপাড়া সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে । ঘটনার পরপরই কর্তব্যরত আনসার সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে কুড়ালসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন ।
আটক যুবকের নাম গোলাম রাব্বানি । তিনি একই ইউনিয়নের মধ্য হাতাশপাড়া এলাকার মোহাম্মদ মুসার ছেলে।
মণ্ডপ সূত্রে জানা যায়, শনিবার সকালে পূজামণ্ডপে সপ্তমীর পূজার আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় গোলাম রাব্বানি হাতে একটি কুড়াল নিয়ে মণ্ডপে প্রবেশ করেন। পরে গণেশ প্রতিমায় দুই থেকে তিনটি কোপ দিয়ে সেটি ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। আকস্মিক এ ঘটনায় মণ্ডপে উপস্থিত ভক্ত ও পূজারিরা হতভম্ব হয়ে পড়েন। পরে আনসার সদস্য ও স্থানীয় লোকজন তাকে আটক করেন।
মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মোছা. ফাতেমা বেগম বলেন, মণ্ডপের নিরাপত্তায় চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় দুই নারী সদস্য খাবার খেতে গিয়েছিলেন। এ সুযোগে ওই যুবক কুড়াল নিয়ে মণ্ডপে প্রবেশ করে গণেশ প্রতিমায় আঘাত করেন। তিনি আরও দাবি করেন, আগের দিন থেকেই ওই যুবককে মণ্ডপ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে।
তবে অভিযুক্ত যুবকের মানসিক অবস্থা সম্পর্কে স্থানীয়দের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন। এ বিষয়ে চিকিৎসা বা নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এদিকে, পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে আনসার সদস্যদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়দের কেউ কেউ। একই সঙ্গে ধর্মীয়ভাবে স্পর্শকাতর এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
ঘটনার পর পূজামণ্ডপে সাময়িকভাবে পূজার কার্যক্রম ব্যাহত হয়। হাতাশ খাড়াপাড়া পূজামণ্ডপের সাংগঠনিক সম্পাদক নিখিল প্রামাণিক বলেন, সপ্তমীর দিনে এমন ঘটনায় তারা হতবাক ও মর্মাহত। তবে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিএনপির নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দ্রুত কারিগর এনে প্রতিমা মেরামত করে পূজার কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নওগাঁ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব চন্দ্র কর্মকার। একই দাবি জানিয়েছেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু। তারা উৎসবের দিনগুলোতে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পূজা উদযাপন কমিটির লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/ এনউব