সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, দুই আসামী রিমান্ডে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রিমান্ড শুনানি শেষে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ উপজেলায় একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের প্রকল্প সম্প্রতি অনুমোদন হয়েছে। টিটিসি নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা চলছে। একটি প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও একাধিক এলাকার বাসিন্দারা নিজ নিজ এলাকায় এটি স্থাপনের দাবি জানিয়ে আসছেন।
এ অবস্থায় টিটিসি নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে আলোচনার জন্য রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে ধানগড়া বাজারে পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হক উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরাও সভায় উপস্থিত ছিলেন।
সভা শুরুর পর ধানগড়ায় টিটিসি নির্মাণের দাবিতে স্থানীয়রা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সংসদ সদস্য টিটিসির স্থান নির্বাচনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করেন।
সভা শেষে তিনি ঘটনাস্থল ত্যাগ করার সময় তার গাড়িতে আকস্মিক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর ১৫ আগস্ট রাতে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার অভিযোগে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর ১৭ আগস্ট পুলিশ এজাহারভুক্ত আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।
পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে আদালত দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভোরের আকাশ/জেআ