আড়াইহাজারে র্যাবের অভিযানে ২টি পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ব

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বালিয়াপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি’র একটি আভিযানিক দল রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কলাবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সন্দেহজনক লম্বা ব্যাগ দেখতে পায় টহল দল।
পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়। ব্যাগের চেইন খুলে এর ভেতর থেকে ২টি পাইপগান, ১ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে এসব আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক, বিসিজিএম বলেন, “বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগানকে সামনে রেখে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১ এর ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
র্যাব জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম চলমান থাকবে।
ভোরের আকাশ/এনএস