মধ্যনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ লাখ টাকা করে এ বরাদ্দ দেওয়া হয়। জেলার আয়তন, জনসংখ্যা ও ইউনিয়নের সংখ্যা বিবেচনায় এনে উক্ত অর্থ বরাদ্দ করা হয়। এরই ধারাবাহিকতায় মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২ লাখ টাকা বরাদ্দ আসে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ২টায় মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের ১০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়, যা ঈদ উপলক্ষে তাদের নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন,চামরদানি ইউনিয়ন বিএনপির সহসভাপতি কয়েজ তালুকদার, চামরদানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল সবসময় দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। ঈদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের আগে এই সহায়তা তাদের মুখে হাসি ফোটাবে। আমরা চেষ্টা করছি প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে, যাতে কেউ বঞ্চিত না হয়।
ভোরের আকাশ/ র.ই