ডেঙ্গু প্রতিরোধে কেসিসি প্রশাসকের মশারি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও সবুজ নগরীতে পরিণত করা সম্ভব। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অস্বচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে মশারি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সচেতনতা হোক ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার, সবুজায়ন হোক সুস্থ জীবনের অঙ্গীকার’—এই প্রত্যয়কে সামনে রেখে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে এক্স-রোটারেক্টরস অ্যাসোসিয়েশন, খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক এডিস মশার আক্রমণ থেকে সুরক্ষার জন্য ১০০টি পরিবারের মধ্যে মশারি বিতরণ করেন।
এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক স্কুল ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফারহানা বিনতে হাসান কবিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন।
ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ কর্মসূচিতে সফিকুল ইসলাম শান্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে মুসফিকুর হাসান অভি চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, খুলনা শাখা এ কর্মসূচির আয়োজন করে। ব্যাংকের এসইভিপি ও জোনাল হেড মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, ব্যাংকের খুলনা শাখার ভিপি ও ব্যবস্থাপক মো. এনায়েত ফকির, গল্লামারী শাখার ভিপি ও ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা শাখার ভিপি ও ব্যবস্থাপক মো. শাহাদৎ হোসেন, দৌলতপুর শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মুন্সি মাছুদুর রহমান, খুলনা জোন অফিসের এফএভিপি এস এম শাফিউল আজম, স্থানীয় সমাজসেবক খবির উদ্দিন, আব্দুল জলিল হাওলাদার, কবির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা