কুষ্টিয়ায় যুবদলের তিন নেতা বহিস্কার

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারুন খান ও কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. হানিফ কবিরাজকেও প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিস্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও জানানো হয়েছে।
পাশাপাশি, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বহিষ্কারের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছু একজন বিএনপি কর্মীর সাথে কথা বললে তিনি বলেন, এই মিলন প্রামানিক কুষ্টিয়া কুমারখালী ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী আনসার পরামানিকের ছেলে কুমারখালীর প্রতিটা ইউনিয়নের কমিটি এই আনসার পরামানিকের করা।
আওয়ামী লীগের দশকদের নিয়ে এই কমিটি করেছে আনসার পরামানিক ধানের শীষের নমিনেশন না পেয়ে তার এই কমিটি হাতছাড়া হয়ে যাবে বলে, তিনি ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে ধানের শীষের কোন ভোট তিনি করেননি এজন্যই ধানের শীষের পরাজয় হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, ‘যুবদলের সংশ্লিষ্ট নেতাদের বহিস্কারের সিদ্ধান্তটি কেন্দ্রীয় কমিটি থেকে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্ত সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই।
ভোরের আকাশ/নি. ব