মেধা, শৃঙ্খলা ও আধুনিকায়নে এগিয়ে নীলফামারী সরকারি কলেজ

একাডেমিক উৎকর্ষ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অভিভাবকদের সম্পৃক্ততার মাধ্যমে নীলফামারী সরকারি কলেজে শুরু হয়েছে নতুন অগ্রযাত্রা। কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে ইতিবাচক সাড়া মিলেছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যক্ষ কলেজের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেন। এর মধ্যে রয়েছে কলেজ ক্যান্টিন আধুনিকায়ন, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ক্যান্টিন চালু, ক্যান্টিনের নতুন দরজা-জানালা সংযোজন ও রং করা, অধ্যক্ষের বাসভবন ও দারোয়ানের কক্ষের টিন পরিবর্তন, ডিজিটাল সাইনবোর্ড স্থাপন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের আধুনিকায়ন। পাশাপাশি রোভার স্কাউট কার্যক্রমকে আরও সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কলেজের দক্ষিণ পাশের পাঁচতলা ভবনের পানির ট্যাংক মেরামতের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ছাত্রী হোস্টেল-২-এর সীমানা প্রাচীর নির্মাণ, গেট সংস্কার ও রং, ভাঙা জানালা মেরামত, নতুন প্রবেশদ্বার নির্মাণ, চলাচলের পথে ইটের সলিং এবং নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপনের মাধ্যমে আবাসিক পরিবেশ আরও নিরাপদ ও বাসযোগ্য করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন। এসব সভায় শিক্ষার্থীদের পাঠদান, উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেও কলেজ প্রশাসন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে, যা কলেজের ইতিহাসে প্রথম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সরকারি মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ছিলেন। এই উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ ও অনুপ্রেরণা বাড়িয়েছে বলে শিক্ষক ও অভিভাবকদের মত।
কলেজ-সংশ্লিষ্টদের মতে, অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান শিক্ষার গুণগত মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে শুরু হওয়া উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে নীলফামারী সরকারি কলেজকে উত্তরাঞ্চলের অন্যতম আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/জেআ