মাধবপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর বার্তা: আইনশৃঙ্খলা কমিটির সভা

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান।
বৈঠকে উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, কিশোরদের একটি অংশ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের মাধ্যমে মারামারি, মাদক গ্রহণ ও বিক্রি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের প্রবণতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।
সভায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বক্তারা আরও বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের পেছনে থাকা ব্যক্তিদেরও শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান, ৫৫ বিজিবির প্রতিনিধি শাহিন মিয়া, ২৫ বিজিবির প্রতিনিধি ফুরকান মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল এবং সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল হক মির্জা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন এবং সহকারী অধ্যাপক মইনউদ্দিন প্রমুখ।
ভোরের আকাশ/ এনউব