নাফ নদীতে আটক ৭৩ বাঙালি জেলের মুক্তি ও হস্তান্তর

নাফ নদী এলাকায় মাছ ধরতে গিয়ে আটক হওয়া ৭৩ জন বাঙালি জেলেকে সোমবার (১৬ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি ও হস্তান্তর করা হয়েছে।
মানবিক বিবেচনায় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনার এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে মাছ শিকারের উদ্দেশ্যে নাফ নদী সংলগ্ন এলাকায় গমনকালে কয়েকজন জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার-এর জলসীমায় প্রবেশ করেন।
এ সময় তাদেরকে আরাকান আর্মি আটক করে এবং পরবর্তীতে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত ক্যাম্পে স্থানান্তর করা হয়। বিভিন্ন মেয়াদে তারা সেখানে আটক অবস্থায় ছিলেন।
উদ্ভূত পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনী সমন্বিত উদ্যোগ গ্রহণ করে।
আরাকান আর্মির ঊর্ধ্বতন পর্যায়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, সমন্বয় ও মধ্যস্থতার মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে অগ্রগতি অর্জিত হয়।
এরই পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ৭৩ জন জেলের মুক্তি ও হস্তান্তরের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।
আজ ১৬ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ৭৩ জন জেলেকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়।
স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি এবং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এই উদ্যোগের ফলে আটক জেলেদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে পবিত্র রমজানের পূর্বে তাদের অবমুক্তকরণ একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
অবশিষ্ট আটক জেলেদের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/নি. ব