মাগুরার দুইটি আসনেই বিএনপি প্রার্থীর বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন মনোয়ার হোসেন খান ও নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাগুরা-১ আসনের ১৫৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী মনোয়ার হোসেন খান পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৩৬ ভোট। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৮৯ হাজার ৩৯টি, বাতিল হয়েছে ৫ হাজার ৬১৫টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৫০, যা মোট ভোটারের ৬৮.৪০ শতাংশ। এছাড়া এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩০৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৮৩৬টি।
অন্যদিকে, মাগুরা-২ আসনের ১৪৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট। এ আসনে মোট বৈধ ভোট ২ লাখ ৮৪ হাজার ৮৪টি এবং বাতিল ভোট ৩ হাজার ৪০৩টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৪৮৭, ভোটের হার প্রায় ৬৯ শতাংশ।
ভোরের আকাশ/ র.ই