রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে আসছে মার্কিন প্রতিনিধিদল

রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি ও সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ২৬ থেকে ২৮ আগস্ট তিন দিনের সফরে দলটি কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবে। বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিদলের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই এবারের সফর। প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখবেন।
মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিকভাবে যে সহায়তা দেওয়া হয়, তার মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থায়নের পরিমাণ সবচেয়ে বেশি। মার্কিন অবস্থান হলো, তাদের করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করা। মূলত ওই অর্থ কীভাবে এবং কোন খাতে ব্যয় হচ্ছে, তা পর্যবেক্ষণ করতেই প্রতিনিধিদলের এ সফর।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। কয়েক মাসের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। এর আগে থেকেই বিভিন্ন ক্যাম্পে আরও প্রায় চার লাখ রোহিঙ্গা অবস্থান করছিলেন।
পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছেন।
ভোরের আকাশ/সু.পা