শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনব: মাজেদ বাবু

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানকার তরুণেরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত, আর চিকিৎসাসেবার মানও সন্তোষজনক নয়।
তিনি বলেন, জনগণ যদি সুযোগ দেয়, তবে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করব।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৯ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাজেদ বাবু আরও বলেন, “দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে মনোনয়ন দিয়েছে, এর জন্য আমি আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করছি।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হক। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্যসচিব নুরে আলম জিকু।
বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ আবেদীন জায়েদী প্রমুখ।
এদিকে বেলা ৩টা থেকেই উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন।
লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে দলীয় মনোনয়ন দেওয়ায় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। সভা শেষে এক শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভোরের আকাশ/জাআ