চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত, আহত ১

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি দেওরগাছ আমতলি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুল হক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুল হক হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি উত্তর পূর্ব জাতুকর্ণ পাড়ার মেহেরাজ মিয়ার পুত্র। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় অপর একটি মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চুনারুঘাট থানার ডিউটি অফিসার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুল হকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/জাআ