ফেনীতে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান চালকসহ নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে চট্টগ্রামমুখী লেনের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। সেটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি লং ভেহিক্যাল এনে কাভার্ডভ্যানে রশি লাগানোর কাজ করছিলেন চালক ও হেলপার। এ সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহত চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, নিহত তিনজনের মধ্যে দুজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার। অপরজন যাত্রীবাহী বাসটির চালক। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/সু.পা