ব্রাহ্মণবাড়িয়ায় মামার বাড়ি থেকে ফেরার পথে ২ শিশু নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও তাদের সন্ধান মেলেনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
নিখোঁজরা হলেন- উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ছবীর হোসেনের ১২ বছর বয়সী মেয়ে নুসরাত জাহান ও ৫ বছরের ইসরাত জাহান মীম। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে মামার বাড়ি বুড্ডা থেকে নিজ বাড়ি কুচনী গ্রামের ফেরার উদ্দেশ্যে রওনা হয় তারা। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
সর্বশেষ শুক্রবার (১আগস্ট) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ২ বোনের সন্ধান মিলেনি। পরিবারের সদস্যরা জানান, দুই শিশুর সন্ধানে গতকাল (বৃহস্পতিবার) আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, রাতে মাইকিং করা হয়েছে; খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু দুই বোনের খোঁজ মেলেনি।
এ ঘটনায় শুক্রবার দুপুরে সরাইল থানায় জিডি করেছেন নিখোঁজদের বাবা ছবীর হোসেন। প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। জিডির বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/হ.র