রায়পুরে মেঘনায় অভিযান, ৫ হাজার মিটার জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল ও চারটি নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর আজগর সওদাগরের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের রায়পুর স্টেশনের সদস্যরা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।
আটক জেলেরা হলেন বিল্লাল মাল (৫২), খোকন (৩৮), হৃদয় গাইন (৩০), আবুল কালাম (৩৯), মোহাম্মাদ আলী (৪০), মো. রাসেল (১৮), মনির মিঝি (৩২), সবুজ হাওলাদার (৩৬), আব্দুল জাব্বার (৩৭), কাদির সর্দার (৫০) ও তসলিম (২৮)।
অভিযানকালে জব্দ করা পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা চারটি নৌকার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, মৎস্য সংরক্ষণ আইনে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/আ.র