কাপাসিয়ায় অটোরিকশাচালক হত্যায় গ্রেপ্তার ৩, এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান আতা মিয়া (৬০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দুলাল মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, একজন নিরীহ বৃদ্ধ অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে বৃহস্পতিবার রাতে অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে চালক আতাউর রহমান আতা মিয়া নিহত হন। ছেলের মৃত্যুর খবর ও শোক সইতে না পেরে পরে বাড়িতে থাকা তার বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫) মারা যান।
নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
হত্যাকাণ্ডের ঘটনায় পিবিআই গাজীপুরের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া চালার বাজার এলাকার রাজ্জাক খানের ছেলে রাজিব খান (২৯), মির্জানগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে নকিবুল হাসান রাকিব (২৪) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার রসুলপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে কিবরিয়া (৪২)।
পিবিআই জানায়, গ্রেপ্তার রাজিব খান ও নকিবুল হাসান রাকিব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা, অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়ি, লোহার রড ও একটি রশি উদ্ধার করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন বারিষাব ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের ও রওশন আরা বিথী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হোসেন, নিহত আতাউরের ছেলে আশরাফুল, মান্নান, কামাল, রুহুল ও আতিকুলসহ স্থানীয়রা।
এ সময় বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পিবিআই গাজীপুর জেলা ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, “নিরীহ অটোরিকশাচালককে হত্যার ঘটনায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা