জীবননগরে ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর চাঁদ আলী (৫০) নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত চাঁদ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জীবিকার তাগিদে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন চাঁদ আলী। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
সোমবার সকালে শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশে একটি মস্তকবিহীন, বিকৃত ও অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরনের পোশাক ও অন্যান্য আলামত দেখে পরিবারের সদস্যরা মরদেহটি চাঁদ আলীর বলে শনাক্ত করেন।
তবে নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে থাকা ব্যাটারিচালিত ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিখোঁজের পাঁচ দিন পর মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং নিখোঁজ ভ্যানটি উদ্ধারে পুলিশের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/ এনউব