নাইট ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হাজরাতলা যুব সংঘ

ফরিদপুর শহরের বিসর্জন ঘাট মাঠে অনুষ্ঠিত নাইট ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে হাজরাতলা যুব সংঘ। ফাইনালে হারুকান্দি মেডিকেল বয়েজ ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
ফাইনাল ম্যাচে হাজরাতলা যুব সংঘের হয়ে শুভ, তুষার ও নেতিক একটি করে গোল করেন। অন্যদিকে হারুকান্দি মেডিকেল বয়েজের পক্ষে একমাত্র গোলটি করেন শরাফত।
গত বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ টুর্নামেন্টে স্থানীয় ১৬টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের উৎসাহ-উচ্ছ্বাসে ম্যাচগুলো হয়ে ওঠে প্রাণবন্ত।
টুর্নামেন্টের সব ম্যাচ পরিচালনা করেন রেফারি মোহাম্মদ কুরবান আলী।
ফাইনাল শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সালথা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনিসুর রহমান তাইজুল, ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. খোকন শেখ এবং টুর্নামেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ রাকিব শেখ।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন রমজান, সাকিব, আপন, রাকিব-২, জালাল, আলিফ ও রাহিম।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন হাজরাতলা যুব সংঘকে ট্রফি ও ৮ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। রানার্সআপ হারুকান্দি মেডিকেল বয়েজ ক্লাব পায় ট্রফি ও ৪ হাজার টাকা প্রাইজমানি।
ফাইনাল ম্যাচ উপভোগ করতে বিসর্জন ঘাট মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
ভোরের আকাশ/জেআ