গোবিন্দগঞ্জ
পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গিয়ে চার পুলিশ সদস্য হামলায় আহত হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাটাবাড়ি গ্রামের আলাউদ্দিনের দুই ছেলে নুরুজ্জামান (৩৫) ও মানিক মিয়া (২০), সৈয়দ সোহাগের ছেলে সামিউল (২০), মৃত আসাদুল্লাহর ছেলে হাবিবুর রহমান (৪০), মৃত আজহার আলীর ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং আলতাফের ছেলে সুজন মিয়া (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ জানুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ওই আওয়ামী লীগ নেতা ও তার অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উক্ত হামলায় গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন মিয়া আহত হন। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নামীয় ১৮ জন এবং অজ্ঞাতনামা ৫০ হতে ৬০ জনসহ ৭৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় আটক ছয় আসামিকে গ্রেপ্তার দেখানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। হামলার মূল উস্কানিদাতা ও আসামিকে গ্রেফতার করা সম্ভব না হলেও ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) গ্রেফতারকৃতদের গাইবান্ধা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
ভোরের আকাশ/র.ই