গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাই সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় জানান,, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এসময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকার সুযোগে পালিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, 'খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে, তারা এলে পরে সব কিছু জানা যাবে।
ভোরের আকাশ/আ.র