মিরসরাইয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ ১০ জন আহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস।
এ ঘটনায় বাসের চালক, হেলপার এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম বাইপাস সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, তিশা পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। একই সময় মহাসড়কের ঢাকামুখী লেন থেকে একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে বাসটির সামনে হঠাৎ চলে আসে। সংঘর্ষ এড়াতে চালক দ্রুত বাসটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও কাভার্ড ভ্যানের একটি অংশ বাসের সামনের চাকায় লেগে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার আঘাতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে চালক ও তাঁর সহকারীর অবস্থা তুলনামূলক গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য এবং জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া এবং সড়কে পড়ে থাকা গাছের ডালপালা অপসারণের পর যান চলাচল আবার স্বাভাবিক হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুর জামান জানান, বিএসআরএম বাইপাস এলাকায় ঢাকামুখী লেন থেকে একটি গাড়ি ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুজনকে পাওয়া যায়। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর চলে গেছেন।
দুর্ঘটনায় সড়কের পাশে স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরার খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ভোরের আকাশ/র.ই