পটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ১৫

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫জন যাত্রী আহত হন।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট থানা এলাকার মহিরা মাদ্রাসার পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে যাচ্ছিল। এতে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের স্টাফরা ছিলেন। বাসটি উল্টে গেলে অনেক যাত্রী আহত হন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মমতাজ (৩২), শাহ আলম (৩৫), আলি আহমদ (৭০), রাজীব দে (৩৪), মো. মহিউদ্দিন (৪০), অমিত দে (২৫)। আহত অন্যান্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন, পটিয়া থেকে ছেড়ে আসা বাসটি মহাসড়কের মহিরা মাদ্রাসার পশ্চিম পাশে অপর একটি গাড়িকে চাপা দিলে রাস্তার পাশে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
ভোরের আকাশ/এসএইচ