ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (৩ মে ২০২৬) রাত প্রায় ৩টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো, সোহাগ মিয়া (২৯) ও হীরা বেগম (২৭)। তারা মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ফতুল্লা থানার একটি মাদক মামলায় আদালত সাজা প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, “সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে।
আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সর্বদা সচেষ্ট।”
ভোরের আকাশ/ র.ই