ঘোড়াঘাটে দুর্গাপূজায় ২৪৩ আনসার-ভিডিপি মোতায়েন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ৩৬টি পূজামণ্ডপে ২৪৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ দায়িত্ব আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা দায়িত্ব পালন করবেন।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান, পিভিএমের দিকনির্দেশনায় এ নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে দায়িত্ব বণ্টন করে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা সদস্যদের মধ্যে রয়েছেন ৯ জন প্লাটুন কমান্ডার (পিসি), ৩৬ জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি), ১৬২ জন পুরুষ ভিডিপি সদস্য ও ৭২ জন নারী সদস্য।
উপজেলার ৯টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা জোরদার করতে আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাখার কথা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।
ভোরের আকাশ/সু.পা