সড়ক দুর্ঘটনা রোধে চালক-পথচারী ও যাত্রীদের সচেতন হতে হবে: এসএমপি কমিশনার

সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম।
তিনি বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ এলাকার স্কলার্সহোমে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিলেট নগরীর যানজট নিরসনে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে সারোয়ার মুর্শেদ শামীম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সম্প্রতি এক সমীক্ষার বরাত দিয়ে তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ শতাংশ শিক্ষার্থী। তাই রাস্তায় চলাচলের সময় শিক্ষার্থীদের আরও সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, মহাসড়কে চলাচল নিষিদ্ধ এমন যানবাহনে যাত্রীদের যাতায়াত করা থেকে বিরত থাকতে হবে। মোটরসাইকেল চালক ও আরোহী—উভয়কেই নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করতে হবে। একটি সুন্দর ও সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।
পুলিশ কমিশনার বলেন, প্রতিদিনের যাতায়াতে সামান্য অসচেতনতার কারণেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কে চলাচলের সময় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে নিসচা দীর্ঘ ৩৩ বছর ধরে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়।
নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত। অনুষ্ঠান পরিচালনা করেন স্কলার্সহোমের শাহী ঈদগাহ শাখার জ্যেষ্ঠ শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ সিলেটের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল ইসলাম, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমদ কাদেরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম. এ. বাতেন, সহকারী পুলিশ কমিশনার মুহিবুর রহমান, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল হাছিব ও সহসাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন নিসচা সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, কার্যকরী সদস্য মো. শরিফ আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, এমদাদুল হক লিপন, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী ও দিদারুল ইকবালসহ অন্যরা।
ভোরের আকাশ/সু.পা