ইঞ্জিনসহ ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইনের পাত খুলে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৫টা ১০ মিনিটে ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এই নাশকতামূলক ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এই তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, গফরগাঁও স্টেশনের অদূরে প্রায় ২০ ফুট রেললাইনের পাত খুলে ফেলা হয়েছিল। তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসটি ওই ক্ষতিগ্রস্ত স্থানে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ইঞ্জিন এবং এর পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
স্টেশন মাস্টার জানান, খবর পাওয়ার পরপরই রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত এবং উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভাগ্যক্রমে ভোরবেলা ট্রেনের গতি কম থাকায় এবং বড় কোনো সংঘর্ষ না হওয়ায় কোনো যাত্রী হতাহত হননি।
প্রাথমিকভাবে একে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
ভোরের আকাশ/মো.আ.