কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগেও বই পড়ার কোনো বিকল্প নেই: কেকেবিএইউ’র উপাচার্য

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) বিশ্বের বিভিন্ন দেশের ৫০টি আধুনিক ও উদ্ভাবনী গ্রন্থাগার নিয়ে ব্যতিক্রমধর্মী পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে 'এক্সিবিন অন দ্য ইনোভেটিভ লাইব্রেরিজ ইন দ্য ওয়ার্ল্ড' শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন উদ্ভাবনী ধারণার বাস্তবায়ন করতে হবে। এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধির পাশাপাশি তাদের নতুন কিছু জানার সুযোগ তৈরি করে। তিনি জানান, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে 'লিটল ফ্রি লাইব্রেরি'-এর আদলে একটি লাইব্রেরি চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগেও বই পড়ার কোনো বিকল্প নেই। বই জ্ঞানের পরিসর বাড়ানোর পাশাপাশি মানসিক প্রশান্তি ও কল্পনাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এ ধরনের ব্যতিক্রমী ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আইএসএলএম বিভাগের এমন উদ্যোগের প্রশংসা করেন। পরে তিনি এ উপলক্ষে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। আইএসএলএম বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা কোর্সের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যতিক্রমধর্মী ও আধুনিক গ্রন্থাগার উদ্যোগ পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়। প্রদর্শনীতে ৪টি স্টলে হিউম্যান লাইব্রেরি, লিটল ফ্রি লাইব্রেরি, সিড লাইব্রেরি, বোটানিক্যাল লাইব্রেরি, টয় লাইব্রেরি, লাইব্রেরি অফ থিংসস, ম্যাপ লাইব্রেরি, রুম টু রিড লাইব্রেরি এবং মোবাইল লাইব্রেরিসহ বিভিন্ন ৫০টি উদ্ভাবনী গ্রন্থাগার মডেল স্থান পায়।
প্রদর্শনীতে বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক আহসান উল্লাহ। এর সার্বিক সমন্বয় করেন বিভাগের প্রভাষক মো. নাজিম।
ভোরের আকাশ/আ.র